ধামরাইয়ে ২ ইটভাটার কার্যক্রম বন্ধ, জরিমানা আদায়
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: ফাহিম শাহরিয়ারের ভ্রাম্যমাণ আদালত। নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভাটা দুটির মালিকের কাছ থেকে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো: ফাহিম শাহরিয়ারের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

Advertisement

রবিবার (১১ অক্টোবর) উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই কাউন্সিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি ইটভাটার ইট পোড়ানোর চুল্লি (কিলন) ভেঙে দেয়া ও উৎপাদিত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। 

অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই এলাকার মা ব্রিকস নামের ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভাটাটির কিলন সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে উৎপাদিত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

এছাড়া একই এলাকার হালাল ব্রিকস নামের অন্য একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে এ দুই ইটভাটার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপর ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: ফাহিম শাহরিয়ার বলেন, ‘পরিবেশ দূষণকারী এবং বৈধ অনুমতি ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। অভিযানে দু’টি ইটভাটাকে আইন অনুযায়ী মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ইটভাটার কিলন ভেঙে দেয়া হয়েছে।’

তিনি জানান, ‘পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’