যুবদল নেতা
যুবদল নেতা আমির আলী। নয়া দিগন্ত

সমাজবিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সংবাদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আমির আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

Advertisement

রোববার (১১ অক্টোবর) সুনামগঞ্জ জেলা যুবদলের দফতর সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদল সভাপতি জাহিদ মোল্লা। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের সহসভাপতি আমির আলী গুরুত্বপূর্ণ পদে আসীন থেকেও সমাজবিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত হয়ে মারাত্মকভাবে দোহালিয়া ইউনিয়ন যুবদলকে প্রশ্নবিদ্ধ করেছেন। যা জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উক্ত কারণে আমির আলীর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ কয়েছের নিকট জবাব দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

জেলা যুবদল সভাপতি জাহিদ মোল্লা বলেন, রিয়াজ জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে কিছু কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ায় এ নোটিশ দেয়া হয়েছে। নোটিশে ওই নেতাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে, উপজেলার স্থানীয় দোহালিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারে সুমি রানী নাথ নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে সুদের টাকা পরিশোধের পরও অতিরিক্ত টাকা দাবি, ব্ল্যাকমেইল ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে ইউনিয়ন যুবদলের সহসভাপতি আমির আলীর বিরুদ্ধে। 

গত ২ অক্টোবর দোহালিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারে এ ঘটনা ঘটে। পরে ৭ অক্টোবর ভুক্তভোগী সুমি রানী নাথ বিচার ও পরিবারের নিরাপত্তার জন্য আইনি সহায়তা চেয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

লিখিত অভিযোগের ভিত্তিতে ‘দোয়ারাবাজারে সুদের টাকা নিয়ে বিরোধ, গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে’ এমন শিরোনামে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।’