গ্রেফতার গৃহকর্মী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সারোয়ার জাহান সাগর
গ্রেফতার গৃহকর্মী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সারোয়ার জাহান সাগর। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরের ১০৭ নম্বর সড়কের নির্মাণাধীন ভবনের গৃহকর্মী রাবেয়া খাতুনকে (৪০) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সারোয়ার জাহান সাগরকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (১১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সারোয়ার জাহান সাগর চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নাচোল গ্রামের আব্দুর রহিমের ছেলে। নিহত গৃহকর্মী রাবেয়া খাতুনের বাড়ি ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ এলাকায়। তিনি রূপগঞ্জের নাওড়া গ্রামে দীর্ঘদিন ধরে সপরিবারে ভাড়ায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, গত রোববার (৪ অক্টোবর) গৃহকর্মী রাবেয়া খাতুন কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পরে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন সোমবার (৫ অক্টোবর) পুলিশ জলসিঁড়ি আবাসনের ১২ নম্বর সেক্টরের ১০৭ নম্বর রোডের ঝোপের ভেতর থেকে রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় রাবেয়া খাতুনের ছেলে শাহীন মিয়া রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ও হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামি সাগরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গৃহকর্মী রাবেয়া খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।