
যশোরের সদর উপজেলায় ইঞ্জিনচালিত নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল নামে আরো একজন পানিতে পড়ে নিখোঁজ হন ও মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ইঞ্জিনচালিত নসিমন চুরি করে পালানোর সময় স্থানীয়রা মিজানুর, বিল্লাল ও মনিরুজ্জামানকে ধাওয়া করেন। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। ধাওয়া দিয়ে মিজানুরকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। এছাড়া মনিরুজ্জামান ও বিল্লাল নামে দুজন পানিতে পড়ে যান। গ্রামবাসী মনিরুজ্জামানকে আটক করলেও বিল্লাল নিখোঁজ রয়েছেন।
কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, চুরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত মিজানুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মনিরুজ্জামানকে আটক দেখানো পর তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পুলিশের সংবাদের ভিত্তিতে নিখোঁজ বিল্লালকে উদ্ধারে অভিযান শুরু করা হয়। তাদের অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








