
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ‘পর্যটনকে নতুনভাবে সাজাতে ডিজিটাল কর্মপরিকল্পনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি শরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অরুণিমা রিসোর্ট ও গলফ ক্লাবের সিইও এবং বাংলাদেশ ইন্টিগ্রেটেড রুরাল বেইজড অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ইরফান আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি ও রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘বাংলাদেশের পর্যটন খাতে অনেক সম্ভাবনা রয়েছে। তবে অবকাঠামো, সেবার মান ও নিরাপত্তার সীমাবদ্ধতার কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এসব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এতে পর্যটনসেবা আরো আধুনিক ও সহজলভ্য হবে। পাশাপাশি পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।’
মূল প্রবন্ধে ইরফান আহমেদ বলেন, ‘পর্যটন খাতের উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এআইয়ের মাধ্যমে পর্যটকদের গন্তব্য নির্বাচন, তথ্য অনুসন্ধান, ভ্রমণ পরিকল্পনা, বুকিং ও ভাষা পরিবর্তন সহজ করা সম্ভব। পাশাপাশি হোটেল-রিসোর্ট ব্যবস্থাপনা, ভ্রমণ প্যাকেজ তৈরি এবং পর্যটকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহেও এ প্রযুক্তি ভূমিকা রাখতে পারে। পরিকল্পনা ও গবেষণাভিত্তিক তথ্য ব্যবহারের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী ও ব্যবসায়িক খাতের উন্নয়নেও প্রযুক্তি কার্যকর হতে পারে।’
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রা-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস শাহীদ মিয়া, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মহিউদ্দিন সেলিম, এনজিও দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম এবং গোয়িংফ্লাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিঠি বিতরণ ও ঐতিহ্যবাহী খাবারের উৎসবসহ বিভিন্ন কর্মসূচী পালন করে বিভাগটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








