বোন, শিশু, পানিতে ডুবে মৃত্যু
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। প্রতিকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। 

Advertisement

শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ২ নম্বর বরতলী বানিহারি ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো ওই গ্রামের বেপারী বাড়ির আল মামুন মিয়ার মেয়ে জান্নাতুল (৮) এবং মারুফ মিয়ার মেয়ে মিহি (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন এবং স্থানীয় মারফজুল উলুম উলুকান্দা মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে দুই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার অলক কান্তি তালুকদার জানান, দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো: হাফিজুল ইসলাম হারুন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।