বক্তব্য রাখছেন কুষ্টিয়া-২ আসনের এমপি আবদুল গফুর
বক্তব্য রাখছেন কুষ্টিয়া-২ আসনের এমপি আবদুল গফুর। নয়া দিগন্ত

ঐতিহাসিক কুষ্টিয়া চিনিকল পুনরায় চালু, আখচাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেয়ার দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ ও গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

শনিবার (১০ অক্টোবর) বিকেলে চিনিকল গেটে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর।

এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো: আফজাল হোসেন।

বক্তারা বলেন, জগতি চিনিকল বন্ধ থাকায় শ্রমিক পরিবারগুলো অর্থনৈতিক সঙ্কটে পড়েছে। আখচাষিরাও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে আধুনিকায়নের মাধ্যমে চিনিকলটি চালু করে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতি সচল করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মো: এনামুল হক, সহকারী সেক্রেটারি মো: খাইরুল ইসলাম রবিন, মিরপুর উপজেলা আমির রেজাউল করিম, শহর আমির আনিসুর রহমান পারভেজ, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আলম মালিথা ও সেক্রেটারি মীর শাহাবুর রহমান খয়বারসহ শ্রমিক নেতারা।

বক্তারা দ্রুত সরকারি উদ্যোগে চিনিকলের মাড়াই কার্যক্রম চালুর দাবি জানান।

সমাবেশে আখচাষি, শ্রমিক, কর্মচারী ও জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।