বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মাদ মা’ছুম বলেছেন, ‘এ দেশে যারাই স্বৈরাচারী আচরণ করবে, গণতন্ত্র ও দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধেই সংগ্রাম চালিয়ে যাবে।’

Advertisement

তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের গণতন্ত্র ও স্বার্বভৌমত্ব রক্ষায় আপসহীন আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে।’

শনিবার (১০ অক্টোবর) দিনাজপুর শহরের গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা আয়োজিত দিনব্যাপী ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা আবু তাহের মা’ছুম বলেন, ‘আইয়ুব খানের অগণতান্ত্রিক শাসন, শেখ মুজিব ও এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির কাষ্ঠে শহীদ হয়েছেন। গুম ও শহীদ হয়েছেন অসংখ্য নেতাকর্মী এবং আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন লক্ষাধিক।’

তিনি আরো বলেন, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের পর লক্ষ্য করা যাচ্ছে, বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর পূর্ববর্তী সরকারের মতো স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী স্পষ্ট জানিয়ে দিতে চায়, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের স্বার্থে যেকোনো স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

উপস্থিত রুকনদের উদ্দেশে এ টি এম মা’ছুম বলেন, ‘সমাজে নিজেদের উত্তম চরিত্র ও তাক্বওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে হবে। কেবল সময় ও শ্রম নয়; মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ ও ইসলামের স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিতেও প্রস্তুত থাকতে হবে।’

দিনাজপুর জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দীন, আঞ্চলিক টিম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হালিম ও আনোয়ারুল ইসলাম।

সকাল ৮টায় পবিত্র কোরআন থেকে দারস প্রদানের মাধ্যমে দিনব্যাপী এ কার্যক্রম শুরু হয়। এতে দিনাজপুর শহর, সদর, বিরল, বোচাগঞ্জ ও চিরিরবন্দর শাখা থেকে আগত নারী ও পুরুষ রুকনগণ অংশ নেন।