
রাজশাহীর বাঘা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি .২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় সাজাপ্রাপ্ত আসামি মো: মাসুম আলীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার মাসুম উপজেলার পাকুড়িয়া গ্রামের মো: রবিউল হোসেনের ছেলে। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাতে রাজশাহী জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মো: মামুন অর রশিদের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ টি এম মাইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এতে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মো: আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি .২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামের রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেলের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করে জানান, যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








