
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় তোফাজুল ইসলাম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ দু’জন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কে উপজেলার খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজুল ইসলাম ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের মরহুম আমিনের ছেলে। এছাড়া আহতরা হলেন— মোটরসাইকেল চালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ গ্রামের আনোয়ারের ছেলে শুকুর আলী (৩২) ও আরোহী বালুগ্রাম গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো: সানি (২৬)।
স্থানীরা জানান, তোফাজুল ইসলাম বাইসাইকেলে করে কলার বাগানে যাচ্ছিলেন। পথে খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তার বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দু’জন ও তোফাজুলসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা: মো: আব্দুল অজিদ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে নেয়ার পথে মুশরীভূজা নামক স্থানে তোফাজুল ইসলামের মৃত্যু হয়।
এ ব্যাপারে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে থাকায় দায়িত্বরত পুলিশ অফিসার এসআই বশির বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) মাধ্যমে এইমাত্র খবর পেলাম। ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








