যুবদল নেতা, বহিষ্কার
মিরসরাইয়ে হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: রাশেদ। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: রাশেদকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখা। 

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দফতর সম্পাদক আবু সাঈদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো: রাশেদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরো বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একইসাথে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

তবে প্রেস বিজ্ঞপ্তিতে কি ধরণের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয় রাশেদ। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ বলেন, ‘দলীয় পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না। হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’