ধর্মীয় সম্প্রীতি
বক্তব্য রাখছেন শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নয়া দিগন্ত

শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, ‘বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি দেশের অনন্য সম্পদ। পৃথিবীর অনেক বড় গণতান্ত্রিক দেশেও এ ধরনের সম্প্রীতির নজির দেখা যায় না। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের এই ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে।’

Advertisement

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে সিলেট সিটি করপোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট। সিলেটের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ও পরে তিনি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেছেন। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা সমাধানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাজ করছেন। সবাইকে সাথে নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা হবে।’

দুর্গাপূজা উপলক্ষ্যে মণ্ডপগুলোতে আর্থিক অনুদান দেয়ায় তিনি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ৫০০ কিলোমিটারের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। বাকি সড়কগুলোর উন্নয়নেও দরপত্র আহ্বান করা হয়েছে। একইভাবে সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সড়কগুলোর উন্নয়নকাজ শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া ক্বিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ, হরিজন সম্প্রদায়ের মানুষের আবাসনের ব্যবস্থা এবং নগরবাসীর বিশুদ্ধ পানির সঙ্কট নিরসনে চেঙ্গেরখালের পানি শোধন করে সরবরাহের জন্য বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।’ 

এ বিষয়ে যেকোনো প্রয়োজনে পূজামণ্ডপ ও মন্দির কমিটির প্রতিনিধিদের সিটি করপোরেশনের সাথে যোগাযোগের আহ্বান জানান তিনি।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।

অনুষ্ঠানে সিলেট নগরীর ৮৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকার অনুদান তুলে দেন বাণিজ্যমন্ত্রী।