মুফতি আবুল হাসান এমপি
জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মুফতি আবুল হাসান এমপি। নয়া দিগন্ত

জাতীয় সংসদের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি বলেছেন, ‘জকিগঞ্জে শত শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। মুসলমানরা যে চায়ের কাপে চা পান করেন, একই চায়ের কাপে হিন্দুরাও চা পান করেন।’

Advertisement

তিনি বলেন, ‘ধর্ম যার যার, দেশটা সবার। এ দেশে মুসলমানদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদ্‌যাপনে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও তা সচল রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম আব্দুল আহাদ, ২নম্বর বীরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, জকিগঞ্জ বিজিবি প্রতিনিধি, উপজেলা খেলাফত মজলিস সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হেকিম শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম ও উপজেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, জকিগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সভাপতি জোতিষ চন্দ্র পাল, সিলেট জেলা পূজা উদ্‌যাপন পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় চন্দ্র নাথ, সত্যজিৎ দত্ত পুরকাস্থ, জকিগঞ্জ উপজেলা সভাপতি হিরালাল বিশ্বাস, সাধারণ সম্পাদক মুক্তা লাল রায়, জকিগঞ্জ পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক পান্না চক্রবর্তী, সদস্য সচিব সরণজিৎ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রণজিৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক সিতেন দাস ও ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।