
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের লাশ দেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ দু’টি পৌঁছালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দাফন সম্পন্ন করতে নিহতদের প্রত্যেক পরিবারের হাতে সরকারি সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা করে দেয়া হয়।
নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবে কর্মরত ছিলেন।
গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হলে তায়েফের আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। এ দুর্ঘটনায় চার প্রবাসী নিহত হন। তাদের মধ্যে দু’জন ছিলেন সিলেটের কানাইঘাটের বাসিন্দা।
দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন জানান, নিহত দু’জনই তার ইউনিয়নের বাসিন্দা। পরিবারের স্বচ্ছলতার জন্য তারা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পুরো ইউনিয়নের মানুষ এ ঘটনায় শোকাহত।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকায় তাদের জানাজা শেষে দাফন করা হবে। একইসাথে নিহতদের পরিবারকে পরবর্তীতে নির্ধারিত সরকারি অনুদান দেয়ার আহ্বান জানান তিনি।
স্বজনরা জানান, জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো দুই ব্যক্তির এমন মৃত্যুতে পরিবার দু’টি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। লাশ দেশে আনা ও দাফনের জন্য সরকারি সহায়তা পাওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এর আগে, চলতি বছরের জুনে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী বাংলাদেশী নিহত হন। ২১ জুনের ওই দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারান। নিহতদের মধ্যে পাঁচজনই ছিলেন কানাইঘাটের বাসিন্দা। পরে ৩০ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাদের লাশ সিলেটে আনা হয়।
একের পর এক সড়ক দুর্ঘটনায় বিদেশের মাটিতে কানাইঘাটের প্রবাসীদের প্রাণহানিতে পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্বচ্ছল জীবনের আশায় বিদেশে পাড়ি দেয়া মানুষগুলোর মৃত্যুতে স্বজনদের আহাজারি থামছে না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








