জার্মানি, পর্যটক
জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। নয়া দিগন্ত

নাটোর রেলস্টেশন থেকে চুরি হওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। 

Advertisement

ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা চালালেও বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত তার চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে সেগুলো উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ক্রিল ল্যান্ডার বলেন, ‘কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে, আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’ 

পুলিশ কর্মকর্তারাও তার জিনিসপত্র উদ্ধারে আন্তরিকভাবে কাজ করছেন বলে জানান তিনি।

ক্রিল ল্যান্ডার জানান, বুধবার নাটোর রেলস্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে গেলে নিজের জিনিসপত্র এক ব্যক্তির কাছে রেখে যান তিনি। ওই ব্যক্তি নিজেকে রেলওয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। টাকা তুলে ফিরে এসে তিনি ওই ব্যক্তি ও নিজের জিনিসপত্রের কোনোটি দেখতে পাননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন। তার ব্যাগে ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।

ঘটনার পর নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এরপর ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ল্যাপটপটির সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি বলে জানান ক্রিল ল্যান্ডার।

তিনি বলেন, ‘সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়। গত কয়েক ঘণ্টা ধরে আমরা নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করতে পারিনি। তবে আশা করছি, আমরা আমার জিনিসপত্রের অবস্থান খুঁজে পাব।’

ল্যাপটপে পাসপোর্ট নেই জানিয়ে এই পর্যটক বলেন, তার পাসপোর্ট ও মোবাইলফোন তার কাছেই রয়েছে। তবে ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা সংরক্ষিত আছে। বাংলাদেশে এটাই তার প্রথম সফর। এ সময় পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করছে বলেও জানান তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান জানান, ঘটনার পর নাটোর সদর থানায় জিডি করেন ওই পর্যটক। বিষয়টি নিয়ে নাটোর জেলা পুলিশ ও সান্তাহার জিআরপি কাজ শুরু করে। পরে ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।

ওসি বলেন, প্রথমে ল্যাপটপটির অবস্থান হিসেবে রাজশাহীর রেলগেট এলাকায় সংকেত পাওয়া যায়। পরে বুধবার রাত ১১টার দিকে পর্যটক রাজশাহীতে আসেন। তখন ল্যাপটপটির অবস্থান হিসেবে মহিলা কলেজের আশপাশের এলাকার সংকেত পাওয়া যায়। এরপর রেলওয়ে পুলিশ, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেসের মালিক ও কেয়ারটেকারদেরও বিষয়টি জানানো হয়।

তিনি জানান, ল্যাপটপটিতে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। রাতের মধ্যে অবস্থানেরও কোনো পরিবর্তন দেখা যায়নি। পরে ল্যাপটপটি বিক্রি করে দেয়ার আশঙ্কায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ওসি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান হিসেবে সংকেত পাওয়া যায়। ওই সময় তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন সেখানে থাকার কথা ছিল। পরে ট্রেন দুটিতে তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ। তবে ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি।

মো: হাফিজুর রহমান বলেন, ‘এখনো আমাদের চেষ্টা অব্যাহত আছে। সঠিক অবস্থান শনাক্ত করা গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। বিদেশী পর্যটক আমাদের মেহমান। তার জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেয়া যায়, সে জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।’

পুলিশ জানায়, আরএমপি, ডিবি, র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পাওয়া গেছে। ছবিটি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।

পুলিশ ও পর্যটকের দেয়া তথ্য অনুযায়ী, বগুড়া ঘুরে সান্তাহার থেকে ট্রেনে দর্শনের উদ্দেশে যাওয়ার পথে ভুল করে নাটোরে নেমেছিলেন ক্রিল ল্যান্ডার। পরে এক যুবকের সাথে পরিচয় হলে তার কাছে জিনিসপত্র রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তিনি। এ সময় ওই যুবক ব্যাগ নিয়ে চলে যান বলে অভিযোগ করেন পর্যটক। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামকক্ষে এ ঘটনা ঘটে।

বুধবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের একটি হোটেলে ক্রিল ল্যান্ডারের থাকার ব্যবস্থা করে পুলিশ। তাকে খাবারও সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করছিলেন।