হত্যা, গ্রেফতার, মামলা
রাসেল হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। নয়া দিগন্ত

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেটের বিরোধের জেরে রাসেল আহমদ শাহ (২৩) হত্যা মামলার দুই আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া। বুধবার বিকেলে সুনামগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন মামলার এজাহারভুক্ত আসামি ইয়াসিন আহমদ ফাহিম (৩৩) ও আব্দুস সামাদ (৩৩)।

এর আগে গত রোববার নিহত রাসেলের মা মোছাম্মৎ রাজনা বেগম থানায় একটি হত্যা মামলা করেন। এতে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে ওষুধ কিনতে সিলাম চকবাজারে গেলে রাসেলকে আসামিরা ঘিরে ধরে মারধর করেন। প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে বাজারের পরিত্যক্ত মাছ হাটায় নিয়ে ধারালো অস্ত্র, লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লিশীপ, মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে স্থানীয় শাহ গোষ্ঠী ও আবেদ রাজার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে গত ২১ আগস্ট দুপক্ষের সংঘর্ষে মোগলাবাজার থানার তৎকালিন ওসি মো: মনির হোসেনসহ আট পুলিশ সদস্য ও উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ওই ঘটনায় দুপক্ষ দুটি ও পুলিশ একটি, মোট তিনটি মামলা করা হয়। স্থানীয় শালিসে ওই মামলায় বিরোধ মীমাংসার অঙ্গীকার করে আসামিরা জামিন নিলেও পরে তা ভঙ্গ করেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাসেলকে হত্যার ঘটনা ঘটে।

ওসি এরশাদুল হক জানান, এসআরবি-৯-এর পক্ষ থেকে গ্রেফতার দুই আসামিকে থানায় হস্তান্তরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।