
ঢাকার ধামরাইয়ে কাভার্ড ভ্যান ও বাসের সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় ঢাকাগামী একেএইস ইকো অ্যাপারেলসের একটি স্টাফ বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলেই চালক আবুবকর নিহত হন।
খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
গোলড়া হাইওয়ে থানার এএসআই মো: জয়নুল জানান, নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করে এর চালককে আটকে পুলিশি অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








