
নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় সাত মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা জানায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে খনন করা কূপটিতে গ্যাসের উপস্থিতির তথ্য পাওয়া যায়। গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়।
বাপেক্স সূত্র জানায়, বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। এ পরীক্ষা শেষ হওয়ার পর কূপটিতে গ্যাসের মজুদের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে মেজারমেন্ট হোয়াইল ড্রিলিং (এমডব্লিউডি) প্রযুক্তি ব্যবহার করে কূপটি এক হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৪২০ থেকে এক হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আরো দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। পরীক্ষা শেষ হলে কূপটিতে মোট কত গ্যাস মজুদ রয়েছে, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
প্রাথমিক হিসাব অনুযায়ী, কূপটি থেকে প্রতিদিন প্রায় সাত মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। তবে ডিএসটি পরীক্ষার ফলাফলের পর উৎপাদনক্ষমতা ও মজুদের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








