
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাপনী দিনের ফেস্টিভ্যালে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়।
এর আগে, রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। এ উপলক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।
র্যালিতে শিক্ষার্থীরা আবহমান বাংলার ঐতিহ্যবাহী পেশা ও সংস্কৃতির নানা রূপ তুলে ধরেন। কৃষক, জেলে, বাউল, আদিবাসী ও বর-বধূসহ বিভিন্ন সাজে তারা র্যালিতে অংশ নেন।
ফেস্টিভ্যালে মোট ২১টি স্টলে ঐতিহ্যবাহী ও আধুনিক বিভিন্ন ধরনের খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব স্টলের মাধ্যমে নিজেদের তৈরি নানা ধরনের খাবার পরিবেশন করেন। খাবারের পাশাপাশি স্টলগুলোতে শিক্ষার্থীদের নানা সৃজনশীল আয়োজনও ছিল। তিন দিনই বটতলা এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল।
শেষ দিন মঙ্গলবার দুপুরের পর থেকে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি আরো বাড়তে থাকে। বিকেলে বিভিন্ন স্টলে খাবার কিনতে ও উৎসব উপভোগ করতে দর্শণার্থীরা ভিড় করেন।









