পোশাক
কথা বলছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে গত তিন বছরে ৯১টি নিটিং, ৫৬টি গার্মেন্টস ও ১৩টি প্রিন্টিং কারখানাসহ দেড় শতাধিক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। একই সময়ে শিল্পাঞ্চলটিতে কর্মসংস্থানও কমেছে।

Advertisement

মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আয়োজিত চাকরি মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জে একসময় সাড়ে পাঁচ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান ছিল। গত তিন বছরে ৯১টি নিটিং কারখানা, ৫৬টি গার্মেন্টস ও ১৩টি প্রিন্টিং কারখানাসহ দেড় শতাধিক কারখানা বন্ধ হয়েছে। আগে এসব প্রতিষ্ঠানে প্রায় ২ লাখ ৬০ হাজার শ্রমিক কাজ করতেন। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় ২ লাখে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এখনো বিসিক শিল্পনগরীতে চার শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। 

চাকরি মেলার আয়োজনের জন্য বিসিকের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বিকেএমইএ সভাপতি বলেন, কর্মসংস্থান তৈরির যে উদ্যোগ নেয়া হয়েছে, এই আয়োজন তারই অংশ। তার ভাষ্য, চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সাথে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।