লাশ উদ্ধার
মোহাম্মদপুরের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আব্দুল কাইয়ুমের লাশ। নয়া দিগন্ত

রাজধানীর মোহাম্মদপুরের ডি ব্লকের নূরজাহান রোডের একটি একতলা বাড়ি থেকে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি থেকে আব্দুল কাইয়ুমের লাশ উদ্ধার করে।

জানা গেছে, আব্দুল কাইয়ুম ওই বাড়িতে একাই বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। তার সন্তানরা নিয়মিত তার খোঁজখবর নিতেন না। কয়েক দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো ব্যবস্থা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।