ফতুল্লায় বিএনপির হামলায় এনসিপির ৪ নেতাকর্মী আহত হয়েছে
ফতুল্লায় বিএনপির হামলায় এনসিপির ৪ নেতাকর্মী আহত হয়। ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামসহ অন্তত চারজন আহত হয়েছেন।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement

এ ঘটনায় গুরুতর আহত এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে । অন্য আহতরা হলেন আব্দুল্লাহ সাগর, আরমনা ও কামরুল।

এনসিপির প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা বলেন, ‘বক্তাবলী বাজার এলাকায় স্থানীয় এক নেতার বাড়িতে তাদের সাংগঠনিক বৈঠক ছিল। ওই বৈঠকে জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্থানীয় লোকজনের সাথে বাজারে কথা বলেন এনসিপির নেতারা। স্থানীয়রা এনসিপির নেতা-কর্মীদের কাছে বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে অভিযোগ করেন।’

এনসিপি নেত্রী সোনিয়া আক্তার লুবনা বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এনসিপির নেতারা মাটি কাটা নিয়ে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। এ বক্তব্যের জেরে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাদের হামলা চালায়। হামলায় আমাদের নেতা তাওহীদুল ইসলামসহ চারজন আহত হয়েছেন। হামলায় তৌহিদের মাথা ফেটে যায়। হামলায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে তার ছোটভাই ইয়াসিন ও অন্য নেতা-কর্মীরা অংশ নেন।’

এ ঘটনায় এনসিপি নেতা ও নারায়ণগঞ্জ-৪ সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। এমপি আব্দুল্লাহ আল আমিন তার পোস্টে লিখেছেন, ‘নারায়ণগঞ্জের বক্তাবলীতে শান্তিপূর্ণ মিটিংয়ে এনসিপির নেতা তাওহীদসহ নেতা-কর্মীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার জবাব নেয়া হবে। বিএনপির সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় না আনা হলে সমস্ত দায়-দায়িত্ব প্রশাসন ও সরকারি দলকে নিতে হবে।’

অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপি নেতা হালিম আজাদ বলেন, ‘এনসিপির নেতা-কর্মীদের সাথে কিছু লোকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সেখানে তাওহীদও আহত হয়েছে বলে জেনেছি। কিন্তু এ ঘটনার সাথে আমি বা আমাদের কেউ জড়িত নয়। কার সাথে ঝগড়া হয়েছে তাও জানি না। আমি নিজেও বিষয়টি জানার চেষ্টা করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।