নিহত শিশু তাইফা সুলতানা
নিহত শিশু তাইফা সুলতানা। নয়া দিগন্ত

বান্দরবানে আপন ফুফু গলা টিপে হত্যা করেছে চার বছরের ভাতিজিকে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ফুফু নার্গিস আক্তারকে (৩৪) পুলিশ আটক করেছে।

Advertisement

নিহত শিশুর নাম তাইফা সুলতানা। সে ময়দার মিল এলাকার টিপু খানের মেয়ে।

পুলিশ জানায়, দুপুরে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় শিশু তাইফা সুলতানা। পরে অভিভাবকরা সদর থানায় অভিযোগ করলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে হত্যার ঘটনা শনাক্ত করে। পরে শিশুটির ফুফু নার্গিস আক্তারের বাসায় তল্লাশি করে তাইফার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নার্গিস আক্তারকে আটক করে থানায় নিয়েছে।

নিহত শিশু তাইফার চাচা বাবুল খান জানান, দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ ও দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার জের ধরে তাইফাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছে।