
রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে খাদিজা আক্তার নামে ১৪ মাস বয়সী এক শিশুর এক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুর বাবা দুলাল হোসেন জানান, তিনি পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী। সকালে খাদিজার মা কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে শিশুটি অসাবধানতাবশত দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকায়। বর্তমানে তারা বনানীর সাততলা বস্তিতে বসবাস করছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।








