
এশিয়ান গেমসে আরচারি ইভেন্টের দলগত ইভেন্টে আজ ছিল বাংলাদেশের জন্য হতাশার দিন। রিকার্ভ ও কমম্পাউন্ডের নারী, পুরুষ ও মিশ্রর দলগত ছয়টি ইভেন্ট থেকে বাদ পড়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
ওকাজাকি চুয়ো সোগো পার্কে ইরানের বিপক্ষে ছেলেদের দলগত কম্পাউন্ড ইভেন্টে সূচনা দারুণ হয়েছিল। প্রথম সেটে জয় ৫৯-৫৭ পয়েন্টের। পরের সেট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৮-৫৮ পয়েন্টে ড্র হলো। তৃতীয় সেটে বাংলাদেশ হারল ৫৬-৫৯ ব্যবধানে। শেষ সেট লাল-সবুজরা ৫৯-৫৮ ব্যবধানে জিতলেও চূড়ান্ত স্কোর টাই হয়েছে ২৩২-২৩২ পয়েন্টে। ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়ায় শুট-অফ। সেখানেও লড়াই হলো সমান- দুই দলের স্কোর দাঁড়ায় ৩০-৩০। কিন্তু ইরানের তিনটি ছিল এক্স শট, বিপরীতে বাংলাদেশের দুটি। সুক্ষ্ম জয়ে পরের রাউন্ডের টিকিট পেয়েছে ইরান।
মেয়েদের কম্পাউন্ড দল কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল। প্রথম সেট ৫৫-৫৫ ড্র হয়েছে। দ্বিতীয় সেটে ৫৬-৫৭ পয়েন্টের হার, তৃতীয় ৫৭-৫৯ পয়েন্টে জিতে ম্যাচে ছিল বাংলাদেশ। চতুর্থ সেটে ৫৮-৬০ পয়েন্টের হারে ম্যাচ থেকে ছিটকে যায় লাল-সবুজরা। চূড়ান্ত স্কোর ছিল ২২৯-২২৮। কম্পাউন্ড নারী ও পুরুষ দুই দলই প্রি-কোয়ার্টার ফাইনলে গিয়ে ম্যাচ হেরেছে।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আব্দুর রহমান আলিফ-মনিরা আক্তার জুটি থাইল্যান্ডকে ৬-০ ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে নাম লেখায়। সেখানে গিয়ে স্বাগতিক জাপানের কাছে ১-৫ ব্যবধনের হারে মিশন শেষ করে লাল-সবুজরা।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের প্রি-কোয়ার্টারে ওঠার লড়াইয়ে ইরানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লড়াইয়ে অবশ্য টিকতে পারেনি লালসবুজরা, হারতে হয়েছে ১৫৮-১৫৪ পয়েন্টের ব্যবধানে।
রিকার্ভ ছেলেদের দলগত লড়াইয়েও ইরানের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে লাল-সবুজদের। স্কোরলাইন ছিল ৫-৪। মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টের লড়াইয়ে জাপানকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইন্দোনেশিয়ার কাছে হারতে হয়েছে ৫-৩ ব্যবধানে।
গেমসে আগামাীকাল ছেলেদের কম্পাউন্ড ব্যক্তিগত লড়াইয়ে নামছেন বাংলাদেশের হিমু বাছাড়, রাউন্ড অব ৩২ লড়াইয়ে তার প্রতিপক্ষ কাজাখস্তানের আন্দ্রেই তাইয়ুতাইয়ুন। একই ইভেন্টে নেওয়াজ আহমেদ রাকিব খেলবেন ইরানের মিলাদ রশিদিদির বিপক্ষে। মেয়েদের কম্পাউন্ড ব্যক্তিগত লড়াইয়ে এদিন কুলসুম আক্তার মনির প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার নিনো বনিতা প্যারেইরা। বাংলাদেশের আরেক তীরন্দাজ বন্যা আক্তারের সামনেও থাকছে সেই ইরানি বাধা- প্রতিপক্ষ গিসা বাইবরদি।








