
সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো আট ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৪ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত আটজনের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই, হবিগঞ্জ সদর হাসপাতালে তিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৫৮ জন, সুনামগঞ্জে ৮০ জন, সিলেটে ৮১ জন এবং মৌলভীবাজারে ৩৯ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া ১৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট আফিয়া খানম (৫৪) মারা যান। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।








