
সুইডেনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সাবের কাছ থেকে ছয়টি গ্লোবালআই রাডার বিমান কেনার জন্য শুক্রবার (২৫ সেপ্টেম্বর) একটি প্রাথমিক চুক্তি করেছে কানাডা।
কানাডার প্রতিরক্ষা বিনিয়োগ সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি বাধ্যতামূলক নয়। এমন চুক্তির মাধ্যমে পরবর্তী বিস্তারিত আলোচনার পরিধি ও ভিত্তি নির্ধারিত হয়েছে।
দেশটির সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত বছরের অক্টোবরে এই সংস্থা গঠন করেন।
কানাডা সরকার ও সাবেরের মধ্যে আলোচনা শুরু হয় গত ২৭ মে। শুরুতে কমপক্ষে ৪০টি বিমান কেনার বিষয়টি আলোচনায় ছিল।
গ্লোবালআই রাডার বিমানগুলো কানাডাতেই তৈরি করা হবে এবং এগুলো মূলত দেশটির আর্কটিক বা উত্তর মেরু অঞ্চলের নজরদারিতে ব্যবহার করা হবে।
ছয়টি বিমানের পাশাপাশি কানাডা গ্লোবালআইয়ের বিভিন্ন সরঞ্জাম ও প্রশিক্ষণও কিনতে চায়। তবে এসব সরঞ্জাম ও প্রশিক্ষণ সরবরাহের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি এক বিবৃতিতে বলেন, ‘আমরা একসাথে এমন সক্ষমতা তৈরি করছি, যা আমাদের নিরাপত্তা জোরদার করবে এবং কানাডার জনগণের জন্য আরো বেশি মূল্য নিশ্চিত করবে।’
কানাডা সাম্প্রতিক সময়ে সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এ খাতে দেশটি ৬৫ বিলিয়ন কানাডীয় ডলার (প্রায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।
চলতি সপ্তাহের শুরুতে দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কার্নি বলেন, কানাডার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের মতো ‘চরম’ পরিস্থিতির জন্যও তাকে প্রস্তুত থাকতে হবে।
সূত্র : বাসস








