চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নয়া দিগন্ত

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে চিত্রাঙ্কন ও সন্ধ্যায় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিনে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিশু-কিশোররা তাদের রঙ-তুলিতে বাংলাদেশের পতাকা, গ্রামীণ দৃশ্যপট, নদ-নদী, প্রাণ-প্রকৃতি, শরৎকাল ও নড়াইল জেলার ইতিহাস-ঐহিত্যসহ বিভিন্ন বিষয় চমৎকারভাবে ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল সরকারি উচচ বিদ্যালয়ের শিক্ষক চিত্রশিল্পী সমীর বৈরাগী, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ অনেকে।

এদিকে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় ২৫০ শিশু-কিশোর অংশগ্রহণ করে। শিশু থেকে উন্মুক্ত পর্যায়ে চারটি গ্রুপে চিত্রাঙ্কন ও তিনটি গ্রুপে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরো জানান, মেলায় সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস-ঐহিত্যসহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই স্থান পেয়েছে। ২৫-৩০ শতাংশ ছাড়ে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বইমেলা শেষ হবে।