
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দাওয়াহ ও তালিমুল কোরআন সেক্রেটারি এবং সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম বলেছেন, ‘আজ বাংলাদেশসহ সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে, যার একমাত্র কারণ ইনসাফ প্রতিষ্ঠিত না থাকা।’
নাটোরে জেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী সা: উপলক্ষে ‘ন্যায্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে রাসুল সা:-এর মূলনীতি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহানারা বেগম।
সাবেক এই এমপি বলেন, ‘রাসুল সা: মক্কার ১৩ বছরে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন কিন্তু পারেননি; মদিনায় যখন ইসলামী রাষ্ট্র গঠন করলেন, তখন সকল সমস্যার সমাধান হয়েছিল। তেমনিভাবে আমরা যদি সকল ক্ষেত্রে রাসুলের আদর্শ অনুসরণ করে ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে সকল সমস্যার সমাধান হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা যদি রাসুল সা:-এর জীবন অনুসরণ করে জীবন গড়তে পারি, তাহলে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ অনেক সুন্দর হবে।’
এসময় জামায়াতের এই নেত্রী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।
নাটোর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি শাহনাজ শেলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর শাখার সহকারী সেক্রেটারি নিলুফার নূরানী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপিকা মোস্তাজিয়া বানু।
সেমিনারে প্রবন্ধ পাঠ করেন নাটোর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি জুবাইদা কাঁকন লিপি।
আরো বক্তব্য রাখেন নাটোর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মাসুমা নাসরিন, নাটোর শহর সেক্রেটারি নাজমে ইনশিরা স্পেনী, নাটোর সদর সেক্রেটারি নূরনাহার খানম, সদর সহকারী সেক্রেটারি নাইমা ইসলাম, সহকারী অধ্যাপক আসমা খাতুন প্রমুখ।








