যুবদলের বিক্ষোভ মিছিল
যুবদলের বিক্ষোভ মিছিল। নয়া দিগন্ত

‘ভারত যদি বন্ধু হও, হাসিনারে ফেরত দাও’, ‘আমার ভাই কবরে, খুনি হাসিনা কেন ভারতে’— স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে রংপুর মহানগরীতে মিছিল করেছে যুবদল।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের গোয়েন্দা কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদল নেতা আকিবুর রহমান মনুর নেতৃত্বে বিক্ষোভটি বের হয়।

বিক্ষোভ মিছিলটি পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, জীবন-বীমা মোড় হয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় ‘ভারত যদি বন্ধু হও, হাসিনারে ফেরত দাও’, ‘আমার ভাই কবরে, খুনি হাসিনা কেন ভারতে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্রলীগ বাড়িস না, পিঠের চামড়া থাকবে না’, ‘যুবলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’-সহ বিভিন্ন স্লোগান দেন যুবদল নেতাকর্মীরা। পলাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা বিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।

পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে যুবদল নেতা আকিবুর রহমান মুন বলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ তাদের সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থাকবে রংপুর জেলা যুবদল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দেবে ‍যুবদল। সেই জীবন দেয়ায় রংপুরে প্রথম ব্যক্তি হব আমি। তবুও নিষিদ্ধ দলের কোনো অপতৎপরতা রংপুরে মেনে নেব না।