
অবশেষে অনেকটা গোপনে সিলেট সিটি করপোরেশন ছেড়ে গেছেন বহুল আলোচিত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে দুই দশকের কর্মস্থল সিলেট সিটি করপোরেশন (সিসিক) ছাড়েন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বদলি করা হয়েছে। ২/৩ দিন আগে মন্ত্রণালয় থেকে বদলির চিঠি এসেছে। আলী আকবরকে নবগঠিত বগুড়া পৌরসভার প্রধান প্রকৌশলীর দায়িত্ব দিতে পারে মন্ত্রণালয়।’
সিসিক সূত্র জানায়, রোববার শেষ অফিস করে রাতেই সিলেট ছাড়েন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর।
ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবরের বদলির বিষয়টি নিশ্চিত করে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজি উদ্দিন খান বলেন, ‘স্যারের বদলির আদেশ হয়েছে। রোববার অফিস করার পর তিনি কর্মস্থল ছেড়েছেন।’
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আলী আকবরের স্থলাভিষিক্ত এখনো কাউকে করা হয়নি। মন্ত্রণালয় থেকে হয়তো কাউকে পাঠানো হতে পারে।’
সিসিক সূত্র জানায়, সাবেক প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান নির্বাহী প্রকৌশলী থাকাকালে ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় নাটোর পৌরসভার সহকারী প্রকৌশলী থেকে আলী আকবরকে সিলেট সিটি করপোরেশনে আনা হয়।
যোগদানের পর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এর পর নির্বাহী প্রকৌশলী পূর্ত ও পানি শাখা এবং ২০১৮ সালের সিসিক নির্বাচনের পর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পান আলী আকবর।
প্রায় দুই দশক পর গত বছরের ১২ আগস্ট সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ঢাকা দক্ষিণ সিটিতে বদলি হন। এরপর থেকে ভারপ্রাপ্ত প্রকৌশলীর দায়িত্ব পান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।








