
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে ১১টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
মঙ্গলবার বিজিডিসিএল কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) সরাইল উপজেলার পূর্ব বড্ডাপাড়া, ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার দায়ে নয়জনকে মোট ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এরিয়া বিতরণ কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে ওই এলাকায় ১১টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। এ সময় সাতটি রেগুলেটর উদ্ধার করা হয়। এছাড়া ব্যবহারকারীরা নিজ উদ্যোগে আরো কয়েকটি রেগুলেটর খুলে ফেলেন।
অভিযানে ১ ইঞ্চি ব্যাসের ১৪০ মিটার এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের ৩০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। পাশাপাশি প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ নেয়ার দায়ে নয়জনকে মোট ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জরিমানার পুরো অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।








