
খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৮ বরিশাল) যৌথ টিম।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রিফাত সিরাজগঞ্জ জেলার সদর থানার গুনেরগাতি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি কৃষি ব্যাংকের টাউন নওয়াপাড়া শাখার ক্যাশ অফিসার।
এসআরবি-৬-এর উপ-অধিনায়ক মেজর মো: নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জানান, অন্যদের সাথে তিনিও আজমুলকে লাঠি দিয়ে পিটিয়েছিলেন। আজমুল মারা যাওয়ার পর তিনি আত্মগোপন করেন।
এসআরবি কর্মকর্তা আরো জানান, গ্রেফতার রিফাতকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।








