গ্রেফতার
গ্রেফতার আসামিরা নয়া দিগন্ত

রাঙামাটির লংগদুতে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ধর্ষণের চেষ্টা অভিযোগে শহিদুল (২৩)  নামে প্রতিবেশী এক যুবককেও গ্রেফতার করে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি তার মায়ের সাথে ওই এলাকায় সৎ বাবার বাড়িতে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, গত সপ্তাহে বাড়িতে একা পেয়ে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময়ে একইভাবে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী যুবক শহিদুল। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, ‘ঘটনাটি গত এক সপ্তাহ ধরে ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ সৎ বাবা ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’