
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ‘বর্তমান সরকার বিদ্যুতের স্থায়ী সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
রোববার (২১ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পশ্চিম মাছপাড়ায় গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, ‘আপনারা জানেন, গত ১৭ বছরে এ দেশে যত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল সবগুলোই গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। অথচ বাংলাদেশের মাটির নিচে যে গ্যাস রয়েছে সেগুলো উত্তোলন করার জন্য বিগত সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এমনকি ন্যূনতম জরিপ পর্যন্ত করা হয় নাই। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে দেড় শত গ্যাসকূপ খননের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে ৩০টি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বাকি ১২০টি থেকেও দুই-তিন মাসের মধ্যে গ্যাস উত্তোলন শুরু হবে।’
বর্তমান সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে কথা দিয়েছিলেন যে, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ১০ হাজার টাকা করে কৃষিঋণ সুদসহ মওকুফ করবেন। উনি ক্ষমতায় গিয়ে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন। নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। বাংলাদেশকে সবুজ বাংলাদেশ গড়ার জন্য ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেছিলেন, ইতিমধ্যে এক কোটি বৃক্ষ রোপণ করা হয়েছে। খাল খননের কথা বলেছিলেন, খাল খননও শুরু হয়েছে। পর্যায়ক্রমে এই সরকার তাদের সকল প্রতিশ্রুতিই বাস্তবায়ন করবে।’
কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, গৃহিণী দুর্গা রায়, কৃষক বুলবুল রায় ও হিরো বিশ্বাস বক্তব্য রাখেন।







