
গত বছর গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি যুদ্ধ সংবাদদাতা মরিয়ম দাগগা মরণোত্তর মর্যাদাপূর্ণ ররি পেক পুরস্কার পেয়েছেন।
ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকতার জন্য এ পুরস্কার প্রদানের আয়োজকরা বুধবার এ ঘোষণা দেন।
ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধের ভয়াবহ মানবিক ক্ষয়ক্ষতি তুলে ধরার জন্য দাগগার সাথে পুরস্কারটি পেয়েছেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) আবদেল করিম হানা ও জেহাদ আলশরাফি। তারা তিনজনই সহকর্মী ছিলেন।
ররি পেক ট্রাস্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২০২৫ সালের আগস্টে দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার সময় দাগগার বয়স ছিল ৩৩ বছর। ওই হামলায় আরো চার সাংবাদিক নিহত হন।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
স্বাধীন আলোকচিত্রী ও প্রতিবেদক দাগগা যুদ্ধ শুরুর পর থেকেই এপির সাথে কাজ করছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়।
ররি পেক ট্রাস্টের বিবৃতিতে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপির নির্বাহী সম্পাদক জুলি পেস বলেন, ‘ঘটনা নথিবদ্ধ করা এবং জনসাধারণকে তথ্য জানাতে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন। অনেক সময় ব্যক্তিগত জীবনের বড় ঝুঁকি নিয়েই তারা এ কাজ করেন।’
তিনি বলেন, ‘আমরা মরিয়ম এবং এ সঙ্ঘাতসহ অন্যান্য সঙ্ঘাতে নিহত সব সাংবাদিককে শ্রদ্ধা জানাই। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে, ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলের সঙ্ঘাত নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ফরাসি আলোকচিত্রী রবিন তুতেঙ্গেস প্রথমবারের মতো দেয়া ররি পেক ফটোসাংবাদিকতা পুরস্কার পেয়েছেন।
সুদানের গৃহযুদ্ধে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের কাছে এল-ফাশেরের পতনের ঘটনা নিয়ে প্রতিবেদন করার জন্য একই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন এএফপির সহযোগী সুদানি ফ্রিল্যান্স আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক আহমেদ মোহাম্মদ আবদাল্লাহ।
তবে যুক্তরাজ্য সরকার ভিসা না দেয়ায় লন্ডনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি আবদাল্লাহ।
অনুষ্ঠানে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি জানান, উত্তর দারফুর অঞ্চলের অবরুদ্ধ রাজধানী এল-ফাশেরের বাসিন্দারা প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে বেঁচে থাকার জন্য পশুখাদ্য খেতে বাধ্য হয়েছেন।
ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে ১৯৯৫ সাল থেকে এ পুরস্কার দেয়া হচ্ছে। ১৯৯৩ সালে মস্কোয় নিহত হন তিনি। ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে এ পুরস্কার চালু করা হয়। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









