ইয়েমেন পরিস্থিতি নিয়ে ইসলামাবাদ বৈঠকে আলোচনা করবে মক্কা চুক্তির দেশগুলো
ইয়েমেন পরিস্থিতি নিয়ে ইসলামাবাদ বৈঠকে আলোচনা করবে মক্কা চুক্তির দেশগুলো। সংগৃহীত
ads

সৌদি আরব ও ইরান-সমর্থিত হাউছি যোদ্ধাদের মধ্যে ইয়েমেনের সঙ্ঘাত নিয়ে বৃহস্পতিবার ইসলামাবাদে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর কর্মকর্তাদের বৈঠকে আলোচনা হবে বলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এএফপিকে বলেন, ‘সৌদি আরবের দক্ষিণে চলমান অস্থিরতা অবশ্যই বৈঠকের আলোচ্যসূচির অন্যতম বিষয় হবে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি নিশ্চিত করেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন।

গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এ চুক্তিতে স্বাক্ষর করে। এতে তিন মুসলিম দেশ হামলার শিকার হলে একে অপরকে সহায়তা করার অঙ্গীকার করে।

জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ তীব্র হয়ে ওঠার পর থেকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও জাহাজ চলাচল লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে।

খাজা বুধবার বলেন, ‘চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি, বিষয়টি একেবারেই স্পষ্ট।’ ইয়েমেনের রাজধানী সানা-সহ দেশটির বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতিদের সাথে সঙ্ঘাত মোকাবেলায় রিয়াদের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ সম্প্রসারণের প্রেক্ষাপটে গঠিত এ চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ঘন ঘন বৈঠক করতে হবে, যাতে যে কাঠামো তৈরি হচ্ছে তা সঠিকভাবে পরিচালিত হয়। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু প্রস্তুত করতে হবে, যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি।’

সৌদি আরবের ওপর ইরানের সরাসরি হামলা হলে চুক্তির দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান খাজা। তবে তিনি এ অঞ্চলের অন্য দেশগুলোর জন্য ইসরাইলকে সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, ‘ইসরাইলের পক্ষ থেকে সঙ্ঘাত বা আগ্রাসনের সম্ভাবনা রয়েছে। তাই এ অঞ্চলের দেশগুলোকে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে।’

পাকিস্তান জুনে একটি সমঝোতায় মধ্যস্থতা করে, যার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বল্প সময়ের জন্য সঙ্ঘাত বন্ধ হয়। ওই সমঝোতায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য পরবর্তী চুক্তির একটি রূপরেখাও নির্ধারণ করা হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তোলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ে। যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করতে এরপর কয়েক মাস ধরে কূটনৈতিক তৎপরতা চলে, যার নেতৃত্বে ছিল মূলত কাতার ও পাকিস্তান।

গত সপ্তাহে পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান আসিম মুনির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেন।

খাজা বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাকিস্তান ‘খুব, খুব গঠনমূলক ভূমিকা’ পালন করেছে। তবে চলমান মধ্যস্থতার ফলাফল এখনো ‘ভঙ্গুর’ এবং প্রত্যাশিতভাবে শান্তি এখনো সুপ্রতিষ্ঠিত হয়নি। বাসস