উদ্ধারকৃত ভারতীয় তৈরি ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে
উদ্ধারকৃত ভারতীয় তৈরি ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে নয়া দিগন্ত

কুষ্টিয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও তিন হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর বাজারসংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

উদ্ধার করা ডিসপ্লের মধ্যে রয়েছে ২০০ পিস ‘ক্রাউন আলট্রা এলসিডি ডিসপ্লে ৫০০+’ ও ৪০০ পিস ‘ক্রাউন স্মার্ট এলসিডি ডিসপ্লে ৫০০+’। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ টাকা।

অন্যদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফুজি পাড়া মাঠে অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও তিন হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য নয় লাখ আট হাজার টাকা। তবে এসব মালামালের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।