মর্টার শেল, সেনাবাহিনী
উদ্ধার মর্টার শেল ধ্বংস করলো সেনাবাহিনী নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গের পাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নয়াগাঙ্গের পাড় এলাকায় শিশুরা খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক মর্টার শেলটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেল থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। 

এরপর মর্টার শেলটি পাহারায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করার পাশাপাশি তা উদ্ধার এবং নিষ্ক্রিয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সিলেটের এটিও ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।

এ সময় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট থানার ওসি মো: ওমর ফারুক মোড়ল জানান, মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের সংরক্ষণে রাখা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সিলেটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।’