মর্টার শেল, উদ্ধার
পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাটে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের পিয়াইন নদীর নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নয়াগাঙ্গের পাড় এলাকায় শিশুরা খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায়। এ সময় মর্টার শেলটি  স্থানীয় কয়েকজন যুবক আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেল থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। বর্তমানে পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক নয়া দিগন্তকে বলেন, ‘মধ্য জাফলংয়ের নয়াগাঙ্গের পাড়ে বাচ্চারা খেলতে গিয়ে একটি মর্টার শেল দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বস্তুটি মর্টার শেল। আমরা সংশ্লিষ্টদের খবর দিয়েছি। এছাড়া একদল পুলিশকে সেখানে নিরাপত্তার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।’