ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ এলাকায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ও চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কালিয়াইশ পূর্বকাঠগড় রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অটোরিকশাচালক ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর মুহুরীপাড়ার মরহুম সাহেব মিয়া সওদাগরের ছেলে আবদুল সক্কুর (৩৫) ও যাত্রী কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া গ্রামের মরহুম হাজী আহমদ হোসেনের ছেলে আবু তাহের (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের তার ছোট ছেলেসহ চন্দনাইশ-দোহাজারী সদরে বাজার করেন। পরে বিওসির মোড়ে তার ছেলেকে চুল কাটার জন্য নামিয়ে দিয়ে অটোরিকশাযোগে বাড়ি যাওয়ার পথে রেলগেইট পার হওয়ার সময় ট্রেনের চাকায় কাটা পড়েন। এ সময় ঘটনাস্থলেই আবু তাহের ও দোহাজারী হাসপাতলে নেয়ার পথে সুক্কুর মারা যান।

নিহত আবু তাহেরের প্রতিবেশী আবুল বশর জানান, ওই রেলগেইটের পাশে জঙ্গল থাকায় ট্রেন চলাচলের সময় ভাল করে দেখা যায় না।

যোগাযোগ করা হলে জিআরপি থানার পুলিশ পরিদর্শক সুজন কান্তি দে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।