সীরাত মাহফিল
সিলেটে শ্রমিক কল্যাণের সীরাত মাহফিল নয়া দিগন্ত

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ‘মহানবী হযরত মুহাম্মদ সা: ছিলেন মানবতার মুক্তির দূত এবং ন্যায়-ইনসাফের আদর্শ প্রতিষ্ঠাকারী। তার জীবনের প্রতিটি অধ্যায়ে শ্রমজীবীসহ সব মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের শিক্ষা রয়েছে। তাই শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠায় নবীজী সা:-এর আদর্শ অনুসরণ করতে হবে। শ্রমিক-মালিক সম্পর্ক হতে হবে ন্যায়, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে।’

তিনি আরো বলেন, ‘বৈষম্য, শোষণ ও অধিকারবঞ্চনা দূর করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সীরাতের শিক্ষা ধারণ করে শ্রমজীবী মানুষকে নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধীন ট্রেড ইউনিয়ন থানা-১ আয়োজিত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মো: দিলশাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সীরাত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরাণ থানা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী, শাহপরাণ থানা ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শাহপরাণ থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। 

এছাড়া মাহফিলে ফেডারেশনের সিলেট মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ অংশ নেন।