
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া ভাসমান অজ্ঞাতপরিচয়ের লাশটির পরিচয় অবশেষে শনাক্ত করা হয়েছে। পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) আঙুলের ছাপ পরীক্ষা করে মৃত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করেছে।
মৃত ব্যক্তির নাম মাইজ উদ্দিন (৫১)। তিনি ঢাকার লালবাগ এলাকার রসুলবাগের বাসিন্দা শামসুদ্দিন ও নাজমা বেগম দম্পতির ছেলে।
পিবিআই জানিয়েছে, ‘তার মৃত্যুর কারণ স্বাভাবিক ছিল।’
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মাথাভাঙ্গা ব্রিজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মৃতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।
ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে লাশটির পরিচয় শনাক্তের পর পরিবারকে সংবাদ দেয়া হয়েছে; তারাও ঢাকা থেকে চুয়াডাঙ্গায় রওনা দিয়েছেন। পরিবার এলে যথানিয়মে তাদের নিকট লাশ হস্তান্তর করা হবে।







