
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেয়া হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তাদের তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো: হাবীবুল্লাহকে বদলি করা হয়।
সম্প্রতি গোপালগঞ্জে দিনভর দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার মতো ঘটনা ঘটে। এসব তাণ্ডবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতেই ধারাবাহিকভাবে এসব বদলির পদক্ষেপ নেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








