আরএমপি সদর দফতর প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করছেন ভূমিমন্ত্রী
আরএমপি সদর দফতর প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করছেন ভূমিমন্ত্রী নয়া দিগন্ত

পরিবেশের ভারসাম্য রক্ষায় নগরকে আরো সবুজ করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, ‘রাজশাহী শহরকে সবুজায়ন করতে দীর্ঘ দুই-তিন দশক ধরে ধারাবাহিকভাবে চেষ্টা চালানো হচ্ছে। এ অর্জনের মূল কৃতিত্ব রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের মানুষের। এই গৌরব ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতর প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, ‘মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে গত ১৭ বছরে রাজশাহী মহানগরী বিভিন্ন সময়ে ১৪ বার সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও মহানগরীর অবস্থান সুদৃঢ়।’

তিনি বলেন, ‘বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ার মাধ্যমে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষ ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়। তাই পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণকে প্রত্যেকের দায়িত্ব হিসেবে নিতে হবে।’

নগরীর সবুজায়নে আবাসন খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, আরএমপি ও আরডিএর ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভূমিমন্ত্রী।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে ব্যাপক বনায়নের ফলে পরিবেশ ও আবহাওয়ায় ইতিবাচক পরিবর্তন এসেছে। এর সুফল কৃষিতেও পাওয়া যাচ্ছে। বৃক্ষরোপণের ফলে বৃষ্টিপাত, কৃষি উৎপাদন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়ছে।’ রাজশাহী মহানগরীকে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা এবং তাপমাত্রা সহনীয় রাখতে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্ব দেন তিনি।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণের পরিবেশগত গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। তাই গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।’

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘রাজশাহী শহরটি সবার। শহরটিকে আরো সুন্দর, সবুজ ও বাসযোগ্য করে তুলতে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এজন্য ব্যাপক সবুজায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও সুধীজন। পরে ভূমিমন্ত্রী বৃক্ষের চারা বিতরণ করেন।