
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় জেলের জালে ৩৩ কেজি ওজনের মহাবিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ ধরা পড়েছে, যা বিক্রি হয়েছে ৭৯ হাজার ২০০ টাকায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা-যমুনার মোহনায় জেলে সেকেন হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
জেলে সেকেন হালদারের বরাতে সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে সেকেন হালদার তার দল নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে মাছের দেখা না পেয়ে, পরে দুপুরের দিকে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। সেখান থেকে জাল তুলতেই দেখা মেলে বিশাল আকৃতির বাঘাইড়। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন মাছটি ৩৩ কেজির।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৭২ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নিই। পরে ওই মাছের ছবি তুলে ফেসবুকে আপলোড ও মুঠোফোনে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৭৯ হাজার ২০০ টাকায় বিক্রি করে দেই।’
উল্লেখ্য, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বাঘাইড় একটি সংরক্ষিত ও মহাবিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন সবই নিষিদ্ধ। আইনে রয়েছে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান। কিন্তু ওই আইনের কোনো প্রয়োগ না থাকায় দৌলতদিয়ায় পদ্মার বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে জেলেরা জাল দিয়ে বাঘাইড়, পাঙ্গাশ, চিতল ও আইড় মাছ শিকার করে বিক্রি করছেন।







