জব্দকৃত ভারতীয় চোরাইপণ্য
জব্দকৃত ভারতীয় চোরাইপণ্য নয়া দিগন্ত

কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ফেনসিডিল, বিভিন্ন ধরনের ওষুধের ট্যাবলেট ও পাতার বিড়ি। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ছয় হাজার ১১৫ টাকা। 

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ ও এক হাজার ৩০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য চার লাখ ২০ হাজার টাকা।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া মাঠে অভিযান চালিয়ে এক হাজার ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৫৩ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য তিন লাখ ৬২ হাজার ৯১৫ টাকা।

এছাড়া শুক্রবার রাত পৌনে ১১টার দিকে শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুভরাজপুর মাঠপাড়া থেকে এক হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য তিন লাখ দুই হাজার ২০০ টাকা।

একইদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক হাজার ৫৭০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য চার লাখ ৭৯ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।