লাশ উদ্ধার, বৃদ্ধা
মতলবে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।। নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের উত্তর বাইশপুর পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা লাশটি রিকাবি বেগমের বলে শনাক্ত করেন।

নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মরহুম আমির আলী সওদাগরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিহতের ছেলে মো: বাচ্চু মিয়া সওদাগর জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। চারদিন ধরে তারা তাকে খুঁজছিলেন। পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়েছিল। এর আগেও কয়েকবার তার মা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।