
ফেনীর দাগনভূঞায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৮১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে বেকের বাজারের আল-মদিনা কমিউনিটি সেন্টারে মাতুভূঞা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাতুভূঞা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান।
এছাড়া মাতুভূঞা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা শাখার সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি ইমাম হোসেন আরমান।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।







