ফুট ওভারব্রিজ
চলাচলের অযোগ্য দাউদকান্দি ফুট ওভারব্রিজ ছবি: নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড পারাপারের জন্য সড়ক ও জনপথ কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত ফুটওভার ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ব্যস্ততম মহাসড়ক দিয়ে পারাপার পথচারীদের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠেছে। 

দাউদকান্দি-কুমিল্লা সড়কে বাস ও স্থানীয় লোকাল যানবাহনের যাত্রীরা বিশ্বরোডের দক্ষিণ দিকে নেমে এবং হাজার হাজার পথচারীকে ব্রিজটি পার হয়ে উত্তর দিকে গিয়ে যেতে হয় দাউদকান্দি উপজেলা, থানা, পৌরসভা, বাজারসহ স্কুল-কলেজ-মাদরাসাগুলোতে। 

এতে করে প্রায় সময় দুর্ঘটনায় প্রাণহানিসহ আহতের ঘটনা ঘটছে। এমতাবস্থায় মরিচা ধরা, গর্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়া পাটাতনগুলো দ্রুত মেরামতের অনুরোধ করেছেন ভুক্তভোগী পথচারীরা। 

রাস্তার দক্ষিণাংশে আবিদনগরে বসবাসকারী সাবেক ক্রীড়াব্যক্তিত্ব কামরুল হাসান গরীব, শিক্ষাবিদ মিজানুর রহমান মাস্টার, শ্রমজীবী ও সংগঠক নজরুল ইসলাম, জনপ্রতিনিধি হাবিবুর রহমান, মাওলানা নজরুল ইসলাম ফয়েজী দ্রুত ফুটওভার ব্রিজটি মেরামত করে চলাচল উপযোগী করার জন্য সড়ক ও জনপথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন। 

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন, মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ, হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় ও ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হুসাইন ফুটওভার ব্রিজ ঝুঁকিপূর্ণ হিসেবে মতামত ব্যক্ত করে মেরামত কাজ সম্পন্ন করার প্রতি গুরুত্বারোপ করেছেন।

এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘জনগণের দুর্ভোগ নিরসনে জনগুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজের ক্ষতিগ্রস্ত পাটাতনগুলো দ্রুত মেরামত করা হবে।’